আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, পরে মিলল হামলাকারীর মরদেহ

১৫ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, পরে মিলল হামলাকারীর মরদেহ
যুক্তরাষ্ট্রের মিশিগানে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন, পরে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে পুলিশের তল্লাশি অভিযানে সন্দেহভাজন হামলাকারীর মরদেহও উদ্ধার করা হয়েছে।

মিশিগান অঙ্গরাজ্য পুলিশের তথ্যমতে, স্থানীয় সময় বেলা প্রায় ১১টা ৪০ মিনিটে মিসাউকি কাউন্টির একটি বাড়িতে গুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান। সেখানে তিনজনকে মৃত এবং একজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ৩৯ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী চ্যাড হিকম্যান সেখান থেকে পালিয়ে যান।

অভিযুক্তকে ধরতে তল্লাশি অভিযান চলার সময় তদন্তকারীরা দ্বিতীয় আরেকটি বাড়ি থেকে আরও একজনের মরদেহ পান। পরবর্তীতে হুইটলক লেকের সংলগ্ন একটি বনাঞ্চলে হিকম্যানের গাড়িটি শনাক্ত করা হয়। সেখানে হিকম্যান ছাড়াও আরও একজনের মরদেহ পায় পুলিশ।

রাজ্য পুলিশের লেফটেন্যান্ট অ্যাশলি মিলার জানান, ঘটনাটি স্থানীয় সমাজ ও তদন্তকারী কর্মকর্তা উভয়ের জন্যই অত্যন্ত হৃদয়বিদারক। তবে নিহত ব্যক্তিদের নাম, বয়স কিংবা অন্যান্য পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রমিশিগানগুলিহত্যাকাণ্ডবন্দুকধারী