শিক্ষা

যুক্তরাষ্ট্রের স্কুলে ফোন নিষেধাজ্ঞায় ব্যাপক সমর্থন, দেখাচ্ছে জরিপ

২৯ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রের স্কুলে ফোন নিষেধাজ্ঞায় ব্যাপক সমর্থন, দেখাচ্ছে জরিপ
যুক্তরাষ্ট্রের স্কুলে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে অধিকাংশ প্রাপ্তবয়স্ক সমর্থন জানিয়েছেন বলে পিউ রিসার্চের জরিপে উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার পক্ষে জনসমর্থন ক্রমশ বাড়ছে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশটির ৭৭ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক মাধ্যমিক ও উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে মোবাইল নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন।

জরিপ অনুযায়ী, ৪৮ শতাংশ আমেরিকান এখন পুরো স্কুল সময় জুড়েই ফোন নিষিদ্ধের পক্ষে। এই প্রথম বিরোধীদের চেয়ে সারাদিনের নিষেধাজ্ঞার সমর্থকদের সংখ্যা বেশি দেখা গেল। দুই বছর আগে মাত্র ৩৬ শতাংশ প্রাপ্তবয়স্ক সব সময়ের নিষেধাজ্ঞাকে সমর্থন করেছিলেন।

১৮ বছরের বেশি সব বয়সী মানুষের মধ্যেই শ্রেণিকক্ষে ফোন বন্ধ রাখার সমর্থন দেখা গেছে। তবে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে সারাদিন ফোন নিষিদ্ধের পক্ষে সমর্থন নেমে এসেছে মাত্র ২৮ শতাংশে। দলগতভাবে, রিপাবলিকানদের ৮১ শতাংশ শ্রেণিকক্ষে এবং ৫৫ শতাংশ পুরো সময় নিষেধাজ্ঞার পক্ষে। বিপরীতে ডেমোক্র্যাটদের ৭৪ শতাংশ শ্রেণিকক্ষে এবং ৪৪ শতাংশ সারাদিন ফোন বন্ধের পক্ষে সায় দিয়েছেন।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ২০টিরও বেশি অঙ্গরাজ্যে পুরো স্কুল সময়ের জন্য ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শুরুর দিকের গবেষণায় এর মিশ্র ফলাফল দেখা গেছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে এটি দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেললেও পরীক্ষার ফলে কোনো পরিবর্তন আনেনি। অন্য একটি জরিপে দেখা যায়, প্রথম বছরে সাময়িক বহিষ্কারের ঘটনা বাড়লেও পরবর্তীতে তা স্বাভাবিক হয় এবং অনুমতি ছাড়া অনুপস্থিতির হার কমে যায়।

মোবাইল ফোনযুক্তরাষ্ট্রপিউ রিসার্চস্কুলশিক্ষা