যুবকদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির জন্য মেটা-কে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো আদালত ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানাধীন মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা করার নির্দেশ দিয়েছেন। আদালতের মতে, মেটা তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে যুবকদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করেছে। এছাড়াও আদালত মেটাকে নিউ মেক্সিকোতে যুব ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মের কার্যপদ্ধতি পরিবর্তনের নির্দেশ দিয়েছেন।
এই রায়টি সামাজিক মাধ্যম প্রদানকারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চলমান একটি ঐতিহাসিক মামলার দ্বিতীয় পর্যায়ের সিদ্ধান্ত। গত মার্চ জুরি মেটাকে রাজ্যের ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের দোষী সাব্যস্ত করেছিল, কারণ তারা ফেসবুক ও ইনস্টাগ্রামের নিরাপত্তা নিয়ে যুবকদের কাছে ভুল তথ্য দিয়েছিল। এ বছরের শুরুতে জুরি মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল।
বিচারপতি ব্রায়ান বিডশেইড জানান, এই জরিমানার অর্থের বড় অংশ অর্থাৎ ৪২০ মিলিয়ন ডলার যুবকদের চিকিৎসা সেবার জন্য ব্যবহার করা হবে। বাকি অর্থ পরবর্তী পাঁচ বছরে সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম, স্ক্রিনিং সেবা এবং অন্যান্য খরচের জন্য ব্যয় হবে।
সরকারি আইনজীবীরা বিচারপতিকে মেটায় মৌলিক পরিবর্তন আনার আহ্বান জানিয়েছিলেন, যা আসক্তি সৃষ্টিকারী বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণে আনতে, বয়স যাচাই উন্নত করতে এবং ডিফল্ট গোপনীয়তা সেটিংসের মাধ্যমে শিশুদের যৌন শোষণ রোধ করতে সাহায্য করবে। বিচারপতি ফেসবুক ও ইনস্টাগ্রামকে তাদের সুরক্ষা বৈশিষ্ট্য, সর্বোত্তম অনুশীলন ও অনুপযুক্ত মন্তব্য মোকাবিলায় টুলস সম্পর্কে স্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্য ব্যানার ও তথ্যমূলক স্ক্রিন তৈরি করার নির্দেশ দিয়েছেন।
মেটা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি একটি বিবৃতিতে বলেছে, তারা অনলাইনে তরুণদের সুরক্ষায় তাদের রেকর্ডে আস্থাশীল এবং তথ্যের ভুল ব্যাখ্যা করে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে তারা নিজেদের রক্ষা করতে থাকবে। এই মামলাটি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে নজর রাখা হচ্ছে, কারণ বিভিন্ন রাজ্য, স্থানীয় সরকার ও স্কুল জেলা শিল্পখাতের পরিবর্তন আনতে অনুরূপ দাবি জানাচ্ছে।