যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, বিদায় নিচ্ছেন রাকিব-নাছির

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি অনুমোদনের জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, যেকোনো মুহূর্তে নতুন এই নেতৃত্বের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে পারে। নতুন কমিটি গঠনের মাধ্যমে বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নেতৃত্বাধীন কমিটির অধ্যায় শেষ হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা। বৈঠকটিতে বিগত আন্দোলন-সংগ্রামে সংগঠনের ভূমিকা, ভবিষ্যৎ রাজনীতিতে পেশাদারত্ব বজায় রাখা এবং নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব হস্তান্তরের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। তারেক রহমান বিদায়ী নেতাদের রাজপথের সংগ্রামের ভূয়সী প্রশংসা করেন এবং নিয়মানুযায়ী মূল দলের রাজনীতিতে যুক্ত হয়ে নতুনদের পথ ছেড়ে দেওয়ার নির্দেশনা দেন।
২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের তৎকালীন আংশিক কমিটি গঠিত হয়, যা পরবর্তীতে একই বছরের ১৫ জুন ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রূপ নেয়। প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্র অনুযায়ী দুই বছরের মেয়াদ শেষে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়। এর পর থেকেই নতুন কমিটিতে পদ পেতে প্রত্যাশীরা দৌড়ঝাঁপ ও তদবির শুরু করেন।
বর্তমানে ছাত্রদলের শীর্ষ পদের আলোচনায় রয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, ইজ্জাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, আমান উল্লাহ আমান, মমিনুল ইসলাম জিসান, শরীফ প্রধান শুভ, গণেশ চন্দ্র রায় সাহস, মো. মোস্তাফিজুর রহমান এবং বোরহান উদ্দিন ইশরাক। নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনে নতুন গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পদপ্রার্থীরা।