অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও জাল নোট

৭ আগস্ট ২০২৬
রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৭টি মামলা দায়েরসহ ইয়াবা, গাঁজা, জাল নোট ও অস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত চলা এই অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ১১২ জন, মতিঝিল থেকে ৭২ জন, উত্তরা থেকে ৫৩ জন, ওয়ারী থেকে ৪৮ জন, তেজগাঁও থেকে ৪৫ জন, গুলশান থেকে ৩৫ জন, রমনা থেকে ২৭ জন এবং লালবাগ থেকে ২২ জনকে আটক করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৩টি গুলি, ৩০ কেজি ৫৪০ গ্রাম গাঁজা এবং ১০ হাজার ২৮৭টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া প্যাথেড্রিন ইনজেকশন নেওয়ার ১৮টি সিরিঞ্জ ও ২৪টি সুই, ইয়াবা সেবনে ব্যবহৃত ৮টি ফয়েল পেপার, ১৩টি মুঠোফোন, ৫টি নিষিদ্ধ লিফলেট এবং ৫০ হাজার টাকা মূল্যের জাল নোটও পাওয়া গেছে।

এসবের পাশাপাশি একটি ট্রাক, একটি প্রাইভেট কার এবং দুটি সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগের ২৪ ঘণ্টায় ডিএমপি রাজধানীতে অভিযান চালিয়ে ৪৬৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল এবং তাদের বিরুদ্ধে ৫৭টি মামলা দায়ের করা হয়েছিল।

ডিএমপিগ্রেপ্তাররাজধানীমাদক উদ্ধারঅভিযান