রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ গ্রেপ্তার, উদ্ধার ৬ হাজার ইয়াবা ও হেরোইন
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ব্যাপক অভিযান চালিয়ে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানের সময় তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। আজ বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করা হয়।
বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এই গ্রেপ্তারিতে অংশ নেন। এর মধ্যে মিরপুর বিভাগ ১০১ জন, মতিঝিল ৮৫ জন, ওয়ারী ৬৫ জন, তেজগাঁও ৫৩ জন, লালবাগ ৪৯ জন, রমনা ৪৬ জন, উত্তরা ৪৩ জন, গুলশান ৩৪ জন, গোয়েন্দা বিভাগ ১৭ জন এবং সিটিটিসি বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল, ৫টি গুলি, ২টি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭টি ইয়াবা বড়ি, ৪০ বোতল ফেনসিডিল এবং ১০০ গ্রাম হেরোইনসহ বিভিন্ন জিনিসপত্র।