রায়গঞ্জে বিএনপির সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে আয়োজিত একটি কর্মসূচি শেষে ফেরার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এতে সংসদ সদস্যের গাড়ির পেছনের অংশের কাচ ভেঙে যায়।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণের জায়গা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে বিকেলে ধানগড়া বাজারে একটি আলোচনা সভা হয়। সভায় বক্তব্য শেষ করে সন্ধ্যা ছয়টার দিকে সংসদ সদস্য রওনা হলে ধানগড়ার কয়েকজন বাসিন্দা তাঁর গাড়ি আটকে দেন। ওই সময় হঠাৎ দুর্বৃত্তরা ঢিল ছুড়লে গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ ও নেতা-কর্মীদের পাহারায় তিনি চান্দাইকোনার দিকে নিরাপদে সরে যান।
এ ঘটনার পর সিরাজগঞ্জ জেলা বিএনপি তীব্র নিন্দা প্রকাশ করেছে এবং জামায়াতে ইসলামী ও এনসিপিকে হামলার জন্য দায়ী করেছে। ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। একই সময়ে স্থানীয় বাসিন্দারা তাঁদের এলাকায় টিটিসি বাস্তবায়নের দাবিতে ধানগড়া বাসস্ট্যান্ডে মিছিল করেন।
তবে অভিযোগ অস্বীকার করে রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির আলী মর্তুজা দাবি করেন, এটি মিথ্যা দোষারোপ এবং কোনো ঘটনা ঘটলেই জামায়াতকে জড়ানো বিএনপির পুরোনো স্বভাব। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, হামলার ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এলাকার সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।