রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিরুদ্ধে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ

১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিরুদ্ধে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ
রাষ্ট্রপতি নির্বাচনে নিজ দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য পদ বাতিল হবে বলে জানান চিফ হুইপ নূরুল ইসলাম।

আগামী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের প্রার্থীর বাইরে অন্য কাউকে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি উল্লেখ করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এখনো কার্যকর রয়েছে। ফলে দলীয় সিদ্ধান্তের ব্যত্যয় ঘটিয়ে ভোট দিলে সংশ্লিষ্ট ব্যক্তির সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ এসব কথা বলেন। রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারিত আছে। সংবিধানের বিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে স্পষ্ট করা হয়েছে, কোনো প্রার্থী নির্দিষ্ট দলের টিকিটে নির্বাচিত হওয়ার পর সেই দল থেকে পদত্যাগ করলে কিংবা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তাঁর সংসদীয় আসন শূন্য হবে। অবশ্য রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এই অনুচ্ছেদ প্রযোজ্য হবে কি না, তা নিয়ে বিতর্ক ও ভিন্ন মতামত রয়েছে। বিষয়টি নিয়ে স্পষ্ট হতে সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলেছিলেন সাংবাদিকেরা।

রাষ্ট্রপতি নির্বাচনচিফ হুইপ৭০ অনুচ্ছেদজাতীয় সংসদনূরুল ইসলাম