রাজনীতি

রোববার চট্টগ্রামে প্রধানমন্ত্রী, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়

৭ আগস্ট ২০২৬
রোববার চট্টগ্রামে প্রধানমন্ত্রী, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়
সরকার গঠনের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বন্যাকবলিত এলাকা পরিদর্শন, মরহুম আলেমদের কবর জিয়ারত ও বিএনপির তৃণমূল নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় নগরের র‌্যাডিসন ব্লু হোটেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। উত্তর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সংশ্লিষ্ট উপজেলা ও পৌর ইউনিটের দায়িত্বশীল নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

দলীয় সূত্র জানায়, এই সভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও অংশ নেবেন। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম জানান, ৬ শতাধিক নেতা এই সভায় যোগ দেবেন। সাধারণত এ ধরনের বৈঠকে সীমিতসংখ্যক নেতা অংশ নেন, কিন্তু এবার পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের অংশগ্রহণের সুযোগ দেওয়ায় তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে বলে দলীয় নেতারা মনে করছেন।

রোববারের সফরে প্রধানমন্ত্রী প্রথমে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে হাটহাজারী কলেজ মাঠে পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ার পর হাটহাজারী মাদরাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনাইদ বাবুনগরীর কবর জিয়ারত করবেন।

চলতি বছরের ২৪ জানুয়ারি চট্টগ্রাম সফরে এসে পলোগ্রাউন্ড মাঠের জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। তবে সে সফরে কোনো সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়নি। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দলের চেয়ারম্যান সবসময় তৃণমূলের নেতৃত্বকে গুরুত্ব দিয়ে আসছেন। চট্টগ্রামের নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের এ উদ্যোগ সংগঠনকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তারেক রহমানচট্টগ্রাম সফরবিএনপিসাংগঠনিক সভাবন্যা পুনর্বাসন