অপরাধ

লক্ষ্মীপুরে খাবার বিতরণের পর যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

১৫ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরের রামগঞ্জে খাবার বিতরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়ালে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকায় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ ও শিশুদের মাঝে খাবার বিতরণকে কেন্দ্র করে অভিযান চালিয়ে সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের সাবেক স্থানীয় নেতারা রয়েছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান (৪২), রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদুল আমিন (৩৫), পারভেজ হোসেন (২৪), ফয়সাল হোসেন (৩১) এবং মো. মুরাদ (২৪)।

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে রামগঞ্জ শিশুপার্ক এলাকায় কিছু নারী ও শিশুর মধ্যে খাবার বিতরণ করা হয়। পরবর্তীতে এই কর্মসূচির একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির মাধ্যমে তথ্য পাওয়ার পর পুলিশ রাতে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, অভিযুক্তরা হঠাৎ এসে খাবার বিতরণ শেষেই সটে পড়েন। খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় আগে থেকেই সন্ত্রাস দমন আইনে মামলা ছিল। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুররামগঞ্জগ্রেপ্তারযুবলীগছাত্রলীগ