লক্ষ্মীপুরে পুকুরে ডুবে প্রথম শ্রেণির ছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামে পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সরকারবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ (৬) কাচারিবাগ এলাকার আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় পলিগণ স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে ফিরে হামিদ আরেক শিশুর সঙ্গে ঘরের পাশের পুকুরে গোসল ও সাঁতার শেখার চেষ্টা করে। প্রতিদিন তারা টিউবের সাহায্যে ভেসে থাকত।
গোসল শেষে অন্য শিশুটি পুকুর থেকে উঠলেও হামিদ উঠে আসেনি। খোঁজাখুঁজির পর শিশুটির মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অরুপ পাল জানান, পানিতে ডুবে যাওয়া শিশুটিকে হাসপাতালে আনা হলে তাকে মৃত পাওয়া যায়। পরে স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যান।