বিনোদন

লন্ডন চলচ্চিত্র উৎসব: শিল্প ফোরামের নেতৃত্বে পিপা হ্যারিস ও জেমস উইলসন

১০ আগস্ট ২০২৬
লন্ডন চলচ্চিত্র উৎসব: শিল্প ফোরামের নেতৃত্বে পিপা হ্যারিস ও জেমস উইলসন
বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরের শিল্প ফোরামে নিজেদের কাজের অভিজ্ঞতা তুলে ধরবেন প্রখ্যাত ব্রিটিশ প্রযোজক পিপা হ্যারিস ও জেমস উইলসন।

বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবের (এলএফএফ) ৭০তম আসরের শিল্প সংক্রান্ত বিশেষ আয়োজনের নেতৃত্ব দিতে যাচ্ছেন যুক্তরাজ্যের জনপ্রিয় দুই চলচ্চিত্র প্রযোজক পিপা হ্যারিস ও জেমস উইলসন। উৎসবের ইন্ডাস্টি ফোরামে স্পটলাইট সেশনে তাদের ক্যারিয়ার, বর্তমান কাজ এবং আন্তর্জাতিক সিনেমা ও টেলিভিশন বাজারের পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে কথা বলবেন তারা।

পিপা হ্যারিস মূলত সাম মেন্ডিসের সঙ্গে যৌথভাবে 'নিল স্ট্রিট প্রডাকশনস' প্রতিষ্ঠার জন্য পরিচিত। তিনি '১৯১৭', 'হ্যামনেট' ও 'রেভোলিউশনারি রোড'-এর মতো আলোচিত সিনেমা এবং জনপ্রিয় টেলিভিশন সিরিজ 'কল দ্য মিডওয়াইফ' প্রযোজনা করেছেন। বর্তমানে তিনি 'দ্য বিটলস'-এর বায়োপিক নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

অন্যদিকে জেমস উইলসন নিয়মিত কাজ করছেন খ্যাতনামা পরিচালক জোনাথন গ্লেজারের সঙ্গে। অস্কার ও বাফটা বিজয়ী 'দ্য জোন অব ইন্টারেস্ট' ছাড়াও তিনি 'আন্ডার দ্য স্কিন' ও অস্কার মনোনীত 'দ্য ভয়েস অব হিন্দ রাজাব' প্রযোজনা করেছেন।

উৎসবের পরিচালক ক্রিস্টি ম্যাথিসন জানান, চিত্রনাট্য থেকে পর্দায় একটি চলচ্চিত্রকে ফুটিয়ে তুলতে প্রযোজকদের ভূমিকা অপরিসীম। তাই এবারের আসরে তাদের কাজকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ৭ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব, তবে শিল্প ফোরামের বিস্তারিত সূচি সেপ্টেম্বরের মাঝামাঝি ঘোষণা করা হবে।

লন্ডন চলচ্চিত্র উৎসবপিপা হ্যারিসজেমস উইলসনচলচ্চিত্র