বিনোদন

লোকার্নো উৎসব: পাকিস্তানি সিনেমা 'অ্যাজ লাইট এজ এয়ার'

৯ আগস্ট ২০২৬
লোকার্নো উৎসব: পাকিস্তানি সিনেমা 'অ্যাজ লাইট এজ এয়ার'
পাকিস্তানের সুফি দরগাহর জীবনধারা নিয়ে তৈরি উমাইর বিলালের প্রামাণ্যচিত্র 'অ্যাজ লাইট এজ এয়ার' ৭৯তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে।

পাকিস্তানি চলচ্চিত্র নির্মাতা উমাইর বিলাল তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র 'অ্যাজ লাইট এজ এয়ার' নিয়ে হাজির হয়েছেন ৭৯তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে। উৎসবের 'সেমেন দ্য লা ক্রিতিক' বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি। পাকিস্তানের সেহওয়ান শহরের ঐতিহ্যবাহী সুফি দরগাহর জীবনধারা ও আধ্যাত্মিক পরিবেশকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ৬৫ মিনিটের এই চলচ্চিত্র।

প্রামাণ্যচিত্রটিতে প্রথাগত কোনো কাহিনী বা কেন্দ্রীয় চরিত্র নেই। নির্মাতা জানান, শুরুতে একটি নির্দিষ্ট চিত্রনাট্য ধরে কাজ শুরু করলেও পরে সেহওয়ানের নিজস্ব আবহ ও ছন্দের কাছে তিনি নিজেকে সঁপে দেন। দরগাহে আসা সাধারণ তীর্থযাত্রী, 'মলং' নামে পরিচিত ভবঘুরে সাধু এবং 'ধামাল' নামক আত্মহারা নৃত্যের চিত্রায়নের মাধ্যমেই পুরো কাজটি সম্পন্ন হয়েছে।

বার্লিন ও মুম্বাইয়ের বিভিন্ন কলাকুশলীর সমন্বয়ে চলচ্চিত্রটির সম্পাদনা, সুর এবং শব্দসংযোজন করা হয়েছে। চিত্রগ্রাহক কনস্ট্যান্টিন স্টেলের সঙ্গে মিলে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই শহরের অলিগলিতে ঘুরে দৃশ্য ধারণ করেছেন পরিচালক। শুটিং শুরু করার আগে দীর্ঘ সময় ধরে তিনি দরগাহর সাধারণ মানুষ ও সাধুদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে সেহওয়ানের লাল শাহবাজ কালান্দার দরগাহে আইএসআইএসের ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছিল। তবে পরিচালক ইচ্ছাকৃতভাবেই এই চলচ্চিত্রে সেই ট্র্যাজেডির প্রসঙ্গ আনেননি। তাঁর মতে, কোনো সহিংসতার ঘটনা দিয়ে সেহওয়ানকে সংজ্ঞায়িত না করে সেখানকার স্বাভাবিক আধ্যাত্মিক জীবনকেই তুলে ধরা বেশি জরুরি।

লোকার্নো চলচ্চিত্র উৎসবপ্রামাণ্যচিত্রপাকিস্তানি সিনেমাউমাইর বিলালসুফি দরগাহ