জাতীয়

লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

১৫ আগস্ট ২০২৬
লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আয়েশা ও আমেনা নামের দুই আপন বোনের করুণ মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা সম্পর্কে আপন দুই বোন।

মারা যাওয়া দুই শিশু হলো চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার হাফেজ মো. ইউনুচের মেয়ে আয়েশা বেগম (১০) ও আমেনা আক্তার (১১)। কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টো জানান, হেফজখানায় চাকরির সুবাদে ইউনুচ পরিবার নিয়ে খালাসির পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের পর আয়েশা ও আমেনা বাসার কাছেই বাংলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে দুই বোনই পানিতে ডুবে যায়।

বিকেলে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে নামলে পায়ে স্পর্শ লেগে বিষয়টি টের পান। পরে তিনি পানি থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেন। এরপর লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক এজাজুল হক শিহাব জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল।

লোহাগাড়াপুকুরে ডুবে মৃত্যুচট্টগ্রামদুর্ঘটনা