শরীয়তপুরে আধিপত্যের লড়াইয়ে ১০০ ককটেল বিস্ফোরণ, নিহত ১

শরীয়তপুরের জাজিরা উপজেলায় দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। আজ সোমবার সন্ধ্যার পর মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষ পাল্টাপাল্টি শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটালে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে মান্নান সরদার (৭০) নামের এক ব্যক্তি নিহত হন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত রেজাউল শিকদার এবং নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য তমিজ খাঁর অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। নিহত মান্নান সরদার রেজাউল শিকদারের সমর্থক ছিলেন এবং তিনি সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি গ্রামের বাসিন্দা।
সংঘর্ষে গুরুতর আহত মান্নান সরদারকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে তমিজ খাঁর পক্ষের আহত সমর্থক রিপন মোল্লার হাত ককটেল বিস্ফোরণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ জানান, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে এবং অন্যজনকে মৃত ঘোষণা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।