জাতীয়

শাহজালাল মাজারের দানবাক্স ৩৫ দিন পর খুলে মিলল পৌনে ১ কোটি টাকা

১৫ আগস্ট ২০২৬
শাহজালাল মাজারের দানবাক্স ৩৫ দিন পর খুলে মিলল পৌনে ১ কোটি টাকা
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও ডেগ ৩৫ দিন পর খুলে নগদ ৭০ লাখ ৮৮ হাজার টাকার পাশাপাশি ১৯ দেশের মুদ্রা ও সোনা পাওয়া গেছে।

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের সিলগালা করা দানবাক্স ও ঐতিহাসিক ডেগ দীর্ঘ ৩৫ দিন পর খোলা হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া গণনা শেষে সন্ধ্যায় জানানো হয়, এবার মাজারের সিন্দুক থেকে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি দেশি-বিদেশি ভক্তদের দেওয়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

গণনা শেষে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার পরিচালনা সংক্রান্ত কমিটির সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানান। তিনি বলেন, নগদ টাকার পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, সৌদি আরব ও মালয়েশিয়াসহ মোট ১৯টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। একই সঙ্গে মিলেছে ২ ভরি ১ রতি সোনা এবং ১ ভরি ২ আনা রুপা। এছাড়া নজরানা হিসেবে বেশ কিছু গৃহপালিত পশু-পাখিও পাওয়া যায়।

মাজার প্রাঙ্গণে আয়-ব্যয়ের স্বচ্ছতা ফিরিয়ে আনতে গত জুন মাসে তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম পুরনো দানবাক্স সিলগালা করে নতুন সিন্দুক স্থাপন করেন। পরবর্তীতে আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ২৬ জুন স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের উদ্যোগে ১৩ সদস্যের এক কমিটি গঠিত হয়। উক্ত কমিটির তত্ত্বাবধানেই আজ অর্থ গণনার কাজ সম্পন্ন হয়। সিলগালা করার পর এ নিয়ে তিন দফায় দানবাক্সের অর্থ হিসাব করা হলো।

উদ্ধার হওয়া সব অর্থ জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে খোলা একটি নতুন ব্যাংক হিসাবে জমা করা হচ্ছে। আজকের সংবাদ সম্মেলনে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শাহজালাল মাজারদানবাক্সসিলেটঅর্থ গণনা