অপরাধ

শিশু শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে টিকটকে ভিডিও, ফেনীতে যুবক গ্রেফতার

৩১ জুলাই ২০২৬
শিশু শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে টিকটকে ভিডিও, ফেনীতে যুবক গ্রেফতার
ফেনীতে গোবিন্দপুর এলাকায় ৬ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে উত্ত্যক্তের পর টিকটকে ভিডিও পোস্টের অভিযোগে মোজাম্মেল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ফেনীতে ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে পথরোধ করে শ্লীলতাহানি ও সেটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই অভিযোগে মোজাম্মেল হোসেন প্রকাশ হোসাইন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা করার পর তাঁকে গ্রেফতার দেখানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফেনী সদরের গোবিন্দপুর এলাকায় ওই শিশুটির গতিরোধ করে কয়েকজন যুবক। এদের মধ্যে দুইজন শিশুটির হাত ধরে টানাটানি ও শ্লীলতাহানি করে এবং অন্য একজন পুরো ঘটনার ভিডিও ধারণ করে। পরবর্তীতে ৩০ জুলাই সেই ভিডিওটি টিকটকে পোস্ট করা হলে তা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিও দেখে স্থানীয়দের সহায়তায় আসামিদের পরিচয় শনাক্ত করে পরিবার।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসার পর ৩০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী শহরতলীর লালপোল এলাকা থেকে অভিযুক্ত মোজাম্মেলকে আটক করে পুলিশ। গ্রেফতার মোজাম্মেল হোসেন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাসিন্দা হলেও পরিবারের সঙ্গে ফেনী সদর উপজেলার উত্তর সিলোনিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, ভিডিওটি নজরে আসার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে আটক করা হয়। পরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্য দুই আসামি পশ্চিম সিলোনিয়ার সালমান (২০) ও যাত্রাসিদ্ধি এলাকার মাহফুজকে (১৯) গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ফেনীগ্রেফতারটিকটকশিশু নির্যাতনপুলিশ