শেখ হাসিনার প্রত্যর্পণ না হলে তারেক রহমানের ভারত সফর অনুচিত: নাহিদ

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের রূপরেখা সুনির্দিষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে যাওয়া অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, এসব মৌলিক বিষয়ের ফয়সালা হওয়ার আগে এই সফর দেশের মানুষ মেনে নেবে না। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে গত ৫ আগস্ট দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের কড়া সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ভারত সরকার এই আয়োজনের দায় এড়াতে চাইলেও তা তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ ছাড়া সম্ভব ছিল না। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীর দিনে দিল্লিতে আসামিকে কথা বলার সুযোগ দিয়ে ভারতের সরকার বাংলাদেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে তিনি দাবি করেন।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বৈঠকে শেখ হাসিনা ও ওসমান হাদীর খুনিদের প্রত্যর্পণ আলোচনার কথা বললেও ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে তেমন কিছু শোনা যায়নি। দিল্লির এই ভূমিকার বিষয়ে ভারতীয় হাইকমিশনকে ডেকে জবাবদিহি চাওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ভারতের সঙ্গে প্রকৃত বন্ধুত্বের জন্য শেখ হাসিনাসহ ওসমান হাদীর খুনিদের ফেরত পাঠানো, সীমান্ত হত্যা বন্ধ এবং নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার শর্ত দেন নাহিদ ইসলাম। তিনি জোর দিয়ে বলেন, এসব বিষয়ে সুস্পষ্ট সমাধান না আসা পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ভারত সংক্রান্ত পদক্ষেপের স্পষ্ট জবাব জনগণকে দিতে হবে।