শেয়ার বাজারে নিষেধাজ্ঞা সত্ত্বেও ৩৩০ মিলিয়ন ডলার পুঁজি পাচ্ছে জি

ভারতের সিকিউরিটিজ অ্যাপেলেট ট্রাইব্যুনাল বিনোদনভিত্তিক সংস্থা জি এন্টারটেইনমেন্টকে ৩৩০ মিলিয়ন ডলার (প্রায় ৩,১৪৩.৫ কোটি রুপি) প্রমোটর তহবিল সংগ্রহের অন্তর্বর্তীকালীন অনুমতি দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI) কর্তৃক আরোপিত জরিমানা জমা দেওয়ার শর্তে এই সুযোগ দেওয়া হয়েছে। তবে মূল নিষেধাজ্ঞার ওপর আদালত স্থগিতাদেশ না দেওয়ায় শেয়ার বাজারে জি-র প্রবেশের সাময়িক নিষেধাজ্ঞা আপাতত বহাল থাকছে। এই সিদ্ধান্তের পর প্রতিষ্ঠানটির শেয়ার দর ৫ শতাংশের বেশি বেড়েছে।
এর আগে শেয়ারহোল্ডারদের কাছ থেকে পুঁজি সংগ্রহের অনুমোদন পাওয়ার পরদিনই জি এন্টারটেইনমেন্টকে দুই মাসের জন্য সিকিউরিটিজ বাজারে নিষিদ্ধ করে সেবি। একই সঙ্গে সংস্থাটির চেয়ারম্যান ইমেরিটাস সুভাষ চন্দ্র ও ব্যবস্থাপনা পরিচালক পুনীত গোয়েঙ্কাকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। ২০১৮ সালে হায়দরাবাদে জি-র একটি সম্পত্তি গোপনীয়ভাবে বন্ধক রেখে অন্য সংস্থাকে ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়। এতে তিন পক্ষ মিলে মোট ১.৪৮ কোটি রুপি জরিমানা করা হয়।
আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তহবিল সংগ্রহের কাজ যথাসময়ে শেষ করার কথা জানিয়েছে জি কর্তৃপক্ষ। নতুন সংগৃহীত এই অর্থ ২০২৯ অর্থবছর পর্যন্ত মূলত স্পোর্টস সম্প্রচার, ডিজিটাল কনটেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন ব্যবসায়িক খাতে ব্যয় করা হবে। বিগত দুই বছরে কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি খেলাধুলার সম্প্রচারে বিনিয়োগ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি, যার মধ্যে ফিফা বিশ্বকাপের ভারতীয় সম্প্রচার স্বত্বও রয়েছে।