শ্যামলীতে টিনশেড বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড বসতঘরে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
রাজধানীর শ্যামলীর ৩ নম্বর সড়ক এলাকায় কয়েকটি টিনশেড বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা ৩টা ১৫ মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল ৩টা ৩০ মিনিট থেকে আগুন নেভানোর কাজ শুরু করেন তারা।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন এবং ঘটনাস্থলে নতুন করে অতিরিক্ত কোনো ইউনিটের প্রয়োজন নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।