সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী রিমান্ডে

রাজধানী ঢাকার গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমোদন দিয়েছেন আদালত। নাশকতামূলক কর্মকাণ্ড ও ধ্বংসাত্মক ষড়যন্ত্রের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়।
শনিবার আসামিদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত প্রাঙ্গণে বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।
রিমান্ড পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ ও কর্মী মো. আমিনুর রহমান। এছাড়া বাকিরা হলেন যশোর মাইকেল মধুসূদন (এমএম) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নান্নু মিয়া, চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইব্রাহিম হোসেন এবং মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের কর্মী সজল আহমেদ।