সরকার ব্যর্থ হলে দেশে বাস করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

সরকার ব্যর্থ হলে দেশে কারো পক্ষে বসবাস করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি সতর্ক করে জানান, জুলাই অভ্যুত্থান-পরবর্তী এই সময়ে অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন। শনিবার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ডে গিয়ে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং সেবা নিয়ে তাঁদের সমস্যার বিবরণ শোনেন। পরে তিনি রান্নাঘর, শৌচাগার, স্টোররুম ও অস্ত্রোপচারকক্ষ ঘুরে সেবার মান পরখ করেন। সভায় তিনি দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের চেয়ে আন্তরিক প্রধানমন্ত্রী আর আসবেন না। দেশকে সমৃদ্ধির দিকে নিতে সবাইকে নিয়মিত দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি।
কর্মস্থলে উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে সাখাওয়াত হোসেন বলেন, দীর্ঘদিন শিথিলতা দেখানো হলেও এখন থেকে আর নমনীয় হওয়া হবে না। দায়িত্ব পালনে অনিয়ম করা হলে সরাসরি বরখাস্ত বা সাময়িক বরখাস্তের মতো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের দুটি বেসরকারি প্রতিষ্ঠানের অনিয়ম ধরা পড়ে। বৈধ কাগজপত্র না থাকা ও স্বাভাবিক প্রসব সেবা না দেওয়ায় 'মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক' সিলগালা করা হয়। অন্যদিকে 'ভেদরগঞ্জ পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল' নামাক প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের নির্দেশ দিয়ে ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সরকারি ডিউটির সময়ে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়ার অভিযোগে ২ চিকিৎসককে শোকজ করা হয়। পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস ও সিভিল সার্জন রেহান উদ্দিন উপস্থিত ছিলেন।