রাজনীতি

সরকারহীন সেই ৩ দিন: শেখ হাসিনার পতনের পর যেভাবে চলেছিল দেশ

৮ আগস্ট ২০২৬
সরকারহীন সেই ৩ দিন: শেখ হাসিনার পতনের পর যেভাবে চলেছিল দেশ
শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার মধ্যবর্তী তিন দিনজুড়ে সারাদেশে চরম বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল।

২০২৪ সালের ৫ই অগাস্ট গণআন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর টানা তিন দিন বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না। সরকারের অনুপস্থিতিতে দেশজুড়ে চরম অরাজকতা ছড়িয়ে পড়ে। এ সময় গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বিভিন্ন জেলা ও উপজেলায় সহিংসতায় পুলিশ সদস্যসহ অন্তত ১৩৭ জন নিহত হন এবং দেশের কয়েকটি কারাগারে বন্দি পালানোর ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলার চরম অবনতির মধ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে রাজনৈতিক দল, তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে দ্বাদশ জাতীয় সংসদ বাতিল করা হয় এবং কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করা হয়। এছাড়া সাম্প্রতিক আন্দোলনে গ্রেফতার ২,২০০-র বেশি বন্দিকে মুক্তি দেওয়া হয় এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।

ঘটনার পর নিরাপত্তার দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করায় রাজপথ ও থানায় তাদের কোনো উপস্থিতি ছিল না। এই শূন্যতা পূরণে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দায়িত্বে নেমে পড়েন সাধারণ শিক্ষার্থীরা এবং তাদের সহায়তায় আনসার বাহিনী নিয়োজিত হয়। অবশেষে ৮ই অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করলে তিন দিনের এই সরকারহীন পরিস্থিতির অবসান ঘটে।

শেখ হাসিনাঅন্তর্বর্তী সরকারমুহাম্মদ ইউনূসগণঅভ্যুত্থানবাংলাদেশ