সরকারি কাজে এআই ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ

সরকারি দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (২৮ জুলাই) বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয় সব মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিবদের কাছে।
চিঠিতে জানানো হয়েছে, বর্তমানে সরকারি দপ্তরগুলোতে বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে এআই টুলের ব্যবহার ক্রমবর্ধমান। যদিও এআই ব্যবহারে কাজের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে, তবুও অসতর্কতার কারণে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশিত হওয়ার বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
এই ঝুঁকি এড়াতে সরকারি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে প্রচলিত আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে সব সরকারি দপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।