সরকারি বেতন দেওয়া কঠিন হবে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সতর্ক করে দিয়েছেন, দেশের অর্থনৈতিক অবস্থা এখন খুবই সংকটাপন্ন। তিনি বলেন, আমরা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি। আওয়ামী লীগ সরকার যে পরিমাণ ঋণ করেছে, তার প্রভাবে ভবিষ্যতে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়তে পারে, যদি সঠিক পরিকল্পনা না করা হয়।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বিদ্যুৎমন্ত্রী জানান, সঠিক পরিকল্পনা ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব। বর্তমান সরকার এমন একটি বাজেট প্রণয়ন করেছে যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা না পড়ে। তবে বাজেটের সুষ্ঠু বাস্তবায়নের জন্য জনগণ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভার শুরুতে সিরাজগঞ্জ পৌরসভার আধুনিক বর্জ্য সংগ্রাহক ডাম্পট্রাকের উদ্বোধন ঘোষণা করেন মন্ত্রী। তিনি বলেন, ৩০ বছর আগে রাস্তা পরিষ্কারের এমন গাড়ি দেখেছিলেন, যা তাকে আনন্দিত করেছিল। সেই পুরোনো স্মৃতির টানেই তিনি ট্রাকটি চালিয়ে উদ্বোধন করেন।
পৌরসভার পরিচ্ছন্নতা কাজে ব্যবহৃত গাড়িগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, এসব সম্পদ রক্ষা করা সবার দায়িত্ব, কারণ সরকারের প্রকৃত মালিক জনগণ। এসময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলীয় নেতাকর্মী ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।