সরকারের ১৮০ দিনের অর্জনের হিসাব জনসমক্ষে আনবেন প্রধানমন্ত্রী

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রথম ছয় মাস বা ১৮০ দিনের কাজের অগ্রগতি ও সীমাবদ্ধতা সূক্ষ্মভাবে পর্যালোচনা করা হচ্ছে। এই মূল্যায়ন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই দেশবাসীর সামনে সরকারের নানা অর্জন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা উপস্থাপন করবেন। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সংবাদ সম্মেলনে বিভিন্ন খাতের অগ্রগতি তুলে ধরে তথ্য উপদেষ্টা জানান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পাদিত নতুন চুক্তির ফলে বাংলাদেশের ৮,৪২৮টি পণ্য সেদেশের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। এছাড়া বছরের পর বছর লোকসানে থাকা সরকারি বিটিএমসির ১৬টি টেক্সটাইল মিল পিপিপি মডেলে চালুর অনুমোদন দেওয়া হয়েছে। পরিবহন খাতে ঢাকা-গোপালগঞ্জ রুটে 'অভিযাত্রিক কমিউটার' ট্রেন চালু এবং পরিবেশবান্ধব পাটের ব্যবহার বাড়াতে টিসিবির মাধ্যমে ব্যাগ বিতরণের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
সামাজিক সুরক্ষার আওতায় ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়ে উপদেষ্টা জানান, জুন ২০২৬ পর্যন্ত ৭০,৮৬১টি কার্ড বিতরণ করা হয়েছে। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদরের লতিফাবাদ ইউনিয়নে প্রধানমন্ত্রী এর দ্বিতীয় পর্ব উদ্বোধন করবেন। পরবর্তীতে ২০২৬-২৭ অর্থবছরে সারা দেশের ৪১ লাখ পরিবারকে পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আনা হবে।
এছাড়া সিলেটে দেশের প্রথম বায়ো-ড্রাইং প্ল্যান্ট স্থাপন ও নদী-জলাশয়ে মাছের পোনা ছাড়ার নানা উদ্যোগ বাস্তবায়নের কথা তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে বিমানের একটি ফ্লাইটে যাত্রীদের সাময়িক দুর্ভোগের ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা জানান, যন্ত্রাংশ সংকট ও ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যার কারণে ঘটনাটি ঘটেছিল এবং ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকবে সরকার।