বিনোদন

সহিংস দৃশ্যে চুল ধরার আগে সহশিল্পীর কাছে ক্ষমা চান হাভিয়ার বারদেম

১ আগস্ট ২০২৬
সহিংস দৃশ্যে চুল ধরার আগে সহশিল্পীর কাছে ক্ষমা চান হাভিয়ার বারদেম
অ্যাপল টিভি প্লাসের 'কেপ ফিয়ার' সিরিজের একটি সহিংস দৃশ্যের শুটিংয়ের আগে সহশিল্পী লিলি কোলিয়াসের কাছে ক্ষমা চেয়ে নেন হাভিয়ার বারদেম।

২০০৭ সালের 'নো কান্ট্রি ফর ওল্ড ম্যান' চলচ্চিত্রের পর এবার অ্যাপল টিভি প্লাসের 'কেপ ফিয়ার' সিরিজে এক প্রতিশোধপরায়ণ খলনায়ক চরিত্রে অভিনয় করছেন হাভিয়ার বারদেম। ১৯৬২ সালে রবার্ট মিচাম এবং ১৯৯১ সালে রবার্ট ডি নিরোর পর এই চরিত্রে বারদেম নতুন মাত্রা যোগ করেছেন। বাউডেন পরিবারের সঙ্গে তার তৈরি করা টানটান মানসিক লড়াই দর্শকদের নজর কেড়েছে।

১০ পর্বের এই সিরিজের চূড়ান্ত পর্বে বারদেমের চরিত্রটি বাউডেন পরিবারকে তাদেরই বাড়িতে জিম্মি করে ফেলে। নিউ ইয়র্কে সিরিজের প্রিমিয়ারে বাউডেন পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করা লিলি কোলিয়াস জানান, পর্দায় চরম ভয়াবহ পরিস্থিতি দেখা গেলেও ক্যামেরা বন্ধ হলেই দৃশ্যপট বদলে যেত। অফ-ক্যামেরায় তারা প্রচুর হাসাহাসি করতেন এবং পরিবেশ বেশ আনন্দদায়ক ছিল।

সিরিজের একটি দৃশ্যে বারদেমকে লিলি কোলিয়াসের চুল ধরে আক্রমণ করতে হয়। দৃশ্যটি ধারণের আগে অত্যন্ত বিনয়ীভাবে কোলিয়াসের কাছে অনুমতি চান বারদেম। কোলিয়াস জানান, শুটিংয়ের আগে বারদেম তাকে বলেন, 'আই সো সরি, মাই লাভ। আমি কি তোমার চুল এভাবে ধরতে পারি?' তিনি সম্মতি দিলে শুটিং শুরু হয়। বারদেমের এমন পেশাদার ও যত্নশীল আচরণ তাকে আপ্লুত করেছে বলে জানান এই তরুণী।

এমন তীব্র সহিংসতার দৃশ্য নিয়ে বারদেম জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি অভিনয়কে একটি খেলার মতো করে দেখতে শিখেছেন। কাল্পনিক কোনো পরিস্থিতিতে সবাই মিলে কিছু তৈরি করার প্রক্রিয়াকেই অভিনয়ের মূল আনন্দ হিসেবে দেখেন এই স্প্যানিশ তারকা, যেখানে সহশিল্পীদের প্রতি পারস্পরিক সম্মান থাকা আবশ্যক।

হাভিয়ার বারদেমকেপ ফিয়ারহলিউডওয়েব সিরিজ