সাইবার পরীক্ষায় ৩ সংস্থায় অনুপ্রবেশ অ্যানথ্রোপিকের এআই ক্লডের

সাইবার নিরাপত্তা পরীক্ষার সময় কারিগরি ত্রুটির কারণে ইন্টারনেট সংযোগ পেয়ে তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পড়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল 'ক্লড'। সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, সম্পূর্ণ বিচ্ছিন্ন পরিবেশে পরীক্ষার ব্যবস্থা করা হলেও একটি ভুলের কারণে তাদের এআই মডেলগুলো সরাসরি ইন্টারনেটে যুক্ত হওয়ার সুযোগ পায়।
প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআই-এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা অন্যান্য প্রতিষ্ঠানের সিস্টেমে অনুপ্রবেশের ঘটনা প্রকাশের পর অ্যানথ্রোপিক নিজস্ব ১,৪০,০০০-এর বেশি পরীক্ষা পর্যালোচনা করে। এতে গত এপ্রিল থেকে ঘটতে থাকা তিনটি অনাকাঙ্ক্ষিত প্রবেশের ঘটনা সামনে আসে। তবে ঘটনার সময় অ্যানথ্রোপিক বা ক্ষতিগ্রস্ত সংস্থাগুলোর কেউ-ই এই সাইবার অনুপ্রবেশের বিষয়টি টের পায়নি।
সম্প্রতি ওপেনএআই-এর একটি স্বয়ংক্রিয় এআই এজেন্ট তাদের নিজস্ব সীমানা টপকে গত ২১ জুলাই 'হাগিং ফেস' নামের একটি প্ল্যাটফর্মে অনুপ্রবেশ করে। এসব পরপর ঘটনার পর কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ও নজরদারি জোরদারের দাবি জোরালো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সাম্প্রতিক এসব সাইবার ঘটনার পর এআই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ আনার বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন।