জাতীয়

সাবেক বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলামের সামরিক মর্যাদায় দাফন

১৪ আগস্ট ২০২৬
সাবেক বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলামের সামরিক মর্যাদায় দাফন
সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) মোহাম্মদ রফিকুল ইসলামের জানাজা শেষে সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) মোহাম্মদ রফিকুল ইসলামকে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী ঘাঁটি বাশারের প্যারেড গ্রাউন্ডে মরহুমের জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে ঘাঁটি বাশারের শাহীন কবরস্থানে সমাহিত করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সাবেক এই বিমানপ্রধানের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ। এ সময় মরহুমের পরিবারের সদস্য ছাড়াও সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানাজা ও প্যারেড চলাকালে মরহুমের প্রতি সম্মান জানিয়ে বিমানবাহিনীর একটি ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়।

১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলবের বাইশপুর গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ রফিকুল ইসলাম। ১৯৭১ সালের ১৩ মার্চ তিনি পাকিস্তান বিমানবাহিনীর জিডি(পি) শাখায় কমিশন লাভ করেন এবং পেশওয়ার বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি নেন। পরবর্তীতে স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৯ মে তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেন। দীর্ঘ ৩১ বছর ২৫ দিনের চাকরিজীবনে তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালনসহ ৫ হাজার ঘণ্টার বেশি সফল উড্ডয়ন সম্পন্ন করেন। ২০০১ সালের ৩ জুন বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০০২ সালের ৮ এপ্রিল তিনি অবসর নেন।

বিমানবাহিনীরফিকুল ইসলামআইএসপিআরসেনানিবাস