অপরাধ

সাভারে মসজিদের মাঠে স্কচটেপে মোড়ানো প্রেশার কুকার, ঘিরে রেখেছে পুলিশ

১২ আগস্ট ২০২৬
ঢাকার সাভারে একটি মসজিদের মাঠে স্কচটেপে মোড়ানো প্রেশার কুকার পড়ে থাকতে দেখে স্থানটি ঘিরে রেখেছে পুলিশ।

ঢাকার সাভারে একটি মসজিদের মাঠে কালো স্কচটেপে মোড়ানো প্রেশার কুকার পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বস্তুটি বিস্ফোরক হতে পারে—এমন ধারণায় নিরাপদ দূরত্ব বজায় রেখে পুরো এলাকাটি বেষ্টন করে রাখা হয়েছে। একই সঙ্গে বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর পাঠানো হয়েছে।

ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বুধবার সকালে জানান, মঙ্গলবার রাত প্রায় ১টা ৩০ মিনিটের দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয় লোকজন। পরবর্তীতে তারা ড্রামের ভেতরে কালো স্কচটেপ পেঁচানো একটি প্রেশার কুকার পেয়ে সেটি বের করে মাঠে রাখেন এবং পুলিশকে জানান।

খবর পেয়ে বুধবার সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রেশার কুকারটি দেখতে পায়। এসআই ইমরান হোসেন জানান, প্রাথমিকভাবে এটিকে বোমা বলে সন্দেহ করা হচ্ছে। কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে পুরো মাঠটি সতর্কতার সঙ্গে ঘিরে রেখেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় ৩ জন ব্যক্তি মসজিদের মাঠে ওই প্লাস্টিকের ড্রামটি রেখে যান। তবে তাদের পরিচয় এখনো উদঘাটিত হয়নি।

সাভারবোমা আতঙ্কপুলিশপ্রেশার কুকার