অপরাধ

সাভারে ৩ তলা বাড়ি ঘিরে পুলিশের অভিযান, বোমা ও বিস্ফোরক উদ্ধার

১১ আগস্ট ২০২৬
সাভারে ৩ তলা বাড়ি ঘিরে পুলিশের অভিযান, বোমা ও বিস্ফোরক উদ্ধার
সাভারের দক্ষিণ শ্যামপুরে এক জেএমবি সদস্যকে আটকের পর তাঁর দেওয়া তথ্যে ৩ তলা একটি বাড়ি ঘিরে সিটিটিসি ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।

ঢাকার সাভারের হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুর এলাকার একটি তিন তলা ভবনে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পাশাপাশি এই অভিযানে যুক্ত রয়েছেন সাভার মডেল থানার সদস্যরা।

মঙ্গলবার রাতে পরিচালিত এই অভিযানে বোমাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওই স্থান থেকে বোমা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। যে ভবনটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে, সেটি স্থানীয় বাসিন্দা আবদুল জলিলের বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে সাংবাদিকদের জানান, দক্ষিণ শ্যামপুর এলাকায় জঙ্গি সংগঠন জেএমবির সদস্যদের অবস্থান ও বিস্ফোরক মজুদের গোপন সংবাদ পায় সিটিটিসির একটি দল।

খবরের ভিত্তিতে প্রথমে হেমায়েতপুর এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে বোমা ও বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধারের পর, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই আবদুল জলিলের বাড়িটিতে এই অভিযান চালানো হচ্ছে।

সাভারসিটিটিসিঅভিযানজেএমবিবোমা উদ্ধার