অপরাধ

সালমান শাহ হত্যা মামলা: চিত্রাভিনেতা ডন গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে

৯ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলা: চিত্রাভিনেতা ডন গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে আদালতে পাঠাচ্ছে সিআইডি।

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নিশ্চিত করেছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, দুপুরে বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। খবর পেয়ে সিআইডির একটি দল গিয়ে তাকে নিজেদের জিম্মায় নেয় এবং বর্তমানে তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর গত বছর মামলাটি হত্যা মামলা হিসেবে পরিচালনার নির্দেশনা দেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক। এর আগে একাধিক তদন্ত সংস্থার হাত ঘুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাটিকে আত্মহত্যা উল্লেখ করে প্রতিবেদন দিলেও তা মানেননি সালমান শাহর পরিবার ও ভক্তরা।

পরবর্তীতে গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। ওই মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডনসহ মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়। বর্তমানে এ ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্তের দায়িত্বে রয়েছে সিআইডি।

সালমান শাহডনসিআইডিগ্রেফতারআদালত