সিন্ডিকেট ভাঙায় হজের বিমান ভাড়া আরও কমানোর আশ্বাস পর্যটনমন্ত্রীর

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার সমাপনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বক্তব্য দেন। শনিবার (১ আগস্ট) রাতে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, অতীতের হজ কেন্দ্রিক বিমান ভাড়ার সিন্ডিকেট বর্তমান প্রধানমন্ত্রী ভেঙে দিয়েছেন।
মন্ত্রী জানান, ২০২৪ সালের হজে বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। সেখান থেকে ২০২৬ সালের জন্য ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়। পরবর্তীতে ২০২৭ সালের জন্য আরও ২৪ হাজার ৮০০ টাকা কমিয়ে বিমান ভাড়া ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে। এর ফলে বর্তমান সরকারের গত পাঁচ মাসে সর্বমোট ৩৬ হাজার ৮৩০ টাকা ভাড়া হ্রাস পেয়েছে। সৌদি সরকারের কাছে ট্যাক্স কমানোর অনুরোধ নিয়ে আলোচনা চলছে এবং সেটি সফল হলে ভাড়া আরও কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হজযাত্রীদের খাবারের বিষয় তুলে ধরে পর্যটনমন্ত্রী বলেন, সৌদি সরকার হজযাত্রীদের আপ্যায়নের দায়িত্ব নিলেও বাঙালি হিসেবে প্রবাসে ভাত ও মাছ বাদ দিয়ে কেবল সৌদি মাংস বা পোলাও খাওয়া যাত্রীদের জন্য কতখানি সুবিধাজনক হবে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদসহ বিমান ও সংশ্লিষ্ট খাতের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।