জাতীয়

সিলিং থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, শ্রীমঙ্গলে ভীতি

১৩ আগস্ট ২০২৬
সিলিং থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, শ্রীমঙ্গলে ভীতি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ঘরের সিলিং থেকে ১২ ফুট লম্বা ও ১৬ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫নং পুল এলাকায় একটি ঘরের সিলিং থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় রুশন আলী ঘুমানোর সময় হঠাৎ সিলিংয়ে একটি সাপ দেখতে পান। সাপ দেখে ভীত হয়ে বাড়ির সবাই ঘর থেকে বেরিয়ে যান। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে সিলিং থেকে ঝুলে থাকতে দেখেন।

তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য ১২ ফুট এবং ওজন ১৬ কেজি। এরপর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অজগরটিকে পরবর্তীতে বনে অবমুক্ত করা হবে।

অজগরশ্রীমঙ্গলবন্যপ্রাণীমৌলভীবাজারউদ্ধার