জাতীয়

সিলেট ওসমানী মেডিকেলের পাঁচতলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

১৩ আগস্ট ২০২৬
সিলেট ওসমানী মেডিকেলের পাঁচতলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচতলা থেকে নিচে লাফ দিয়ে চিকিৎসাধীন এক তরুণের মৃত্যু হয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচতলা থেকে লাফ দিয়ে আলমগীর হোসেন (২৮) নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল আনুমানিক আটটার দিকে হাসপাতালের নতুন ভবনে এই ঘটনা ঘটে। নিহত তরুণ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার খোয়াজ আলীর ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট আলমগীরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পাঁচতলার ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তিনি সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে হঠাৎ নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই রোগী কী কারণে লাফ দিয়েছেন তা জানা যায়নি। ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

সিলেটওসমানী মেডিকেলহাসপাতালমরদেহ উদ্ধার