সিলেট দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ, আহতদের ১ লাখ টাকা

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। এছাড়া দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা করে এবং আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
আজ শনিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং তাদের সহায়তায় আর্থিক অনুদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
মন্ত্রী জানান, প্রয়োজনীয় তথ্য ও ফলোআপ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ে এই অনুদান বিতরণ করা হবে। দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকা দেওয়া হবে।
উল্লেখ্য, শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত হন ১৬ জন। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।