অপরাধ

সিলেটে ত্রিপল মার্ডার: এজাহারে জমি বিরোধের দাবি, নাম নেই আটকের

১৫ আগস্ট ২০২৬
সিলেটে ত্রিপল মার্ডার: এজাহারে জমি বিরোধের দাবি, নাম নেই আটকের
সিলেটে দম্পতি ও গৃহকর্মী হত্যার ঘটনায় জমি সংক্রান্ত বিরোধ ও ভাড়াটে খুনি ব্যবহারের অভিযোগ এনেছেন নিহতের মেয়ে, যদিও এজাহারে আটক ব্যক্তির নাম নেই।

সিলেটের রায়নগর এলাকায় দম্পতি ও গৃহকর্মীকে হত্যার ঘটনায় নতুন মোড় এসেছে। নিহতদের মেয়ে সেলিনা সুলতানা দাবি করেছেন, লিজ নেওয়া জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে তার বাবা-মা ও গৃহকর্মীকে হত্যা করা হয়েছে। গত ১৪ আগস্ট রাতে সিলেট কোতোয়ালি থানায় এ সংক্রান্ত একটি এজাহার দাখিল করেন তিনি।

এজাহারে অভিযোগ করা হয়, একটি আবাসন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের স্বত্ব মামলা চলছে। ওই মামলা প্রত্যাহার করতে তাদের বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল। সেলিনার দাবি, মামলাসংক্রান্ত কাগজপত্র ও দলিলাদি সরাতেই ১২ আগস্ট সকালে পরিবারের সদস্য আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনাকে হত্যা করা হয়।

তবে এই এজাহারে পুলিশ কর্তৃক আটক সন্দেহভাজন বাবুল মিয়ার নাম উল্লেখ করা হয়নি। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাবুল হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। থানা পুলিশ জানায়, এজাহারে আনা জমি সংক্রান্ত অভিযোগ এবং আটক বাবুলের স্বীকারোক্তি—দুটি বিষয়ই সমান গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

সিলেটহত্যাকাণ্ডজমি বিরোধকোতোয়ালি থানাঅপরাধ