সিসিটিভিতে ধরা পড়ল মাকে হত্যার দৃশ্য, নাতি কারাগারে
রাজধানীর দক্ষিণখানের দক্ষিণ গাওয়াইর এলাকায় ৭১ বছর বয়সী মাহবুব আরা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত বৃদ্ধার ছেলের বসানো সিসিটিভি ক্যামেরায় এই হত্যাকাণ্ডের পুরো ঘটনা ধারণ হয়। সেই ফুটেজের ভিত্তিতে পুলিশ নিহতের নাতি আবু তালহাকে গ্রেপ্তার করে। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে হাজির করা হলে আবু তালহা হত্যার দায় স্বীকার করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলার এজাহার অনুযায়ী, প্রায় ৯ মাস আগে মাহবুব আরার স্বামী মারা যান। এরপর তিনি একা বসবাস করতেন। নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁর ছেলে মোহাম্মদ মাহবুব হাসান বাসার বিভিন্ন স্থানে, বিশেষ করে শোবার ঘরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন। আবু তালহা নিয়মিত মাহবুব আরার বাসায় যাতায়াত করতেন।
গত বৃহস্পতিবার রাতে সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে মাহবুব হাসান ভয়াবহ দৃশ্য দেখেন। ফুটেজে দেখা যায়, বিকেল ৫টা ৪১ মিনিটের দিকে আবু তালহা কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির সহায়তায় ফ্ল্যাটে প্রবেশ করেন। তিনি প্রথমে বালিশ ও কাপড় দিয়ে মাহবুব আরার শ্বাসরোধের চেষ্টা করেন। প্রতিরোধ করায় তাকে খাট থেকে টেনে মেঝেতে ফেলে দেওয়া হয়। পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করা হয়, যার ফলে মাহবুব আরা মারা যান। এরপর আবু তালহা তাঁর কানের সোনার দুল খুলে নিয়ে পালিয়ে যান।