সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৫ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় একটি জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের প্রাণহানি হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামক কারখানায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
মৃতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই ভাই মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। এ ছাড়া আরও অন্তত তিন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
স্থানীয়রা জানান, কারখানা থেকে বের হওয়া বিষাক্ত গ্যাসের গন্ধ এত তীব্র ছিল যে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা পাশের খালে প্রবেশ করতে পারেননি। গ্যাসের কারণে তাঁদের নৌকা আধা কিলোমিটার দূরে ভেড়াতে হয়েছে। হঠাৎ কারখানা থেকে চিৎকার শোনা গেলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।
মৃতদেহ পাওয়ার খবরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে কারখানা ভেঙেচুরেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানার মালিক মো. মহিউদ্দিন জানান, অসতর্কতায় ৬ থেকে ৮ জন কর্মী বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম পাঁচজনের মৃত্যু নিশ্চিত করেছেন।