সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজে মৃত ৯, তদন্ত শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনায় আহত আরও কয়েকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে একটি স্ক্র্যাপ জাহাজ পরিষ্কারের কাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, হঠাৎ গ্যাস ছড়িয়ে পড়লে ১৫ থেকে ২০ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর প্রথমে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন মারা যান।
ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, নিহতদের অনেকেই শ্রমিক ছিলেন না, বরং তারা ছিলেন উৎসুক জনতা। তিনি বলেন, ওই দিন ইয়ার্ড বন্ধ ছিল। সকাল ১০টার দিকে একটি স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংকে গ্যাস লিকেজ হয়। বিষয়টি দেখতে যাওয়া স্থানীয়রা গ্যাসে আক্রান্ত হন।
ইয়ার্ডের প্রশাসনিক কর্মকর্তা সাইফুজ্জামান জানান, এখানে কোনো বিস্ফোরণ হয়নি। গ্যাস লিক হয়ে বিষক্রিয়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে। অনেকের প্রাথমিক ধারণা ছিল এটি বিস্ফোরণ, যা ভুল ছিল। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে, যাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ঘটনাটি গ্যাস নিঃসরণ নাকি বিস্ফোরণ, তা নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি শ্রমিক নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।