আন্তর্জাতিক

সুদানে আদালতে বিচার চলার সময় সেনাবাহিনীর ড্রোন হামলা, নিহত ৩৫

৩ আগস্ট ২০২৬
সুদানে আদালতে বিচার চলার সময় সেনাবাহিনীর ড্রোন হামলা, নিহত ৩৫
সুদানের উত্তর দারফুরে বিচারকার্য চলাকালে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সুদানের দারফুরে একটি আদালতে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। উত্তর দারফুর রাজ্যের গারা আল-জাওয়াইয়া গ্রামে রোববার দুপুর আনুমানিক ১টার দিকে এই ড্রোন হামলায় অন্তত ৩৫ জন প্রাণ হারিয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। স্থানটি বর্তমানে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)–এর অধীনে রয়েছে।

মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ এবং স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, একটি গাছের নিচে সামাজিক ও স্থানীয় বিরোধ নিষ্পত্তির শুনানির সময় সেখানে আঘাত হানে ড্রোনটি। নিহতদের মধ্যে অন্তত চারজন গোত্র প্রধান ও আরএসএফের দুজন কমান্ডার রয়েছেন। এ হামলায় প্রচলিত আদালত ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২৩ সালের এপ্রিলে সুদান সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর বাহিনীর মধ্যে শুরু হওয়া এ লড়াইয়ে এরই মধ্যে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে দুই পক্ষই ব্যাপকভাবে ড্রোনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যার ফলে কেবল এই বছরের প্রথম পাঁচ মাসেই এক হাজারের বেশি বেসামরিক মানুষ মারা গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

এ সংঘাত সুদানে বিশ্বের বৃহত্তম মানবিক সংকটের জন্ম দিয়েছে এবং লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে। উত্তর দারফুরের এল-ফাশের শহর আরএসএফের দখলে যাওয়ার পর থেকে ওই অঞ্চলে সহিংসতা আরও তীব্র রূপ নিয়েছে।

সুদানড্রোন হামলাদারফুরগৃহযুদ্ধ