সুনামগঞ্জে নৌকা থেকে পড়ে ভাইবোনের মৃত্যু, শোকে কাঁদছে এলাকা

সুনামগঞ্জের ধর্মপাশায় নৌকা থেকে পড়ে ডুবে মারা গেছেন ছয় ও নয় বছর বয়সী দুই ভাইবোন। স্থানীয়রা তাদের উদ্ধার করলেও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের পূর্ব-দক্ষিণ কোণে শনিবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ছয় বছর বয়সী আব্দুল সাহাদ ও নয় বছর বয়সী নাদিয়া আক্তার নৌকা নিয়ে ঘুরতে যায়।
একপর্যায়ে সাহাদ নৌকা থেকে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে নাদিয়াও পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
মৃত দুই শিশু হলেন চকিয়াচাপুর গ্রামের কৃষক মো. সারোয়ার মিয়ার সন্তান। আব্দুল সাহাদ শিশু শ্রেণি ও নাদিয়া আক্তার চতুর্থ শ্রেণিতে পড়তেন। এই দুর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।