আন্তর্জাতিক

সৌদি ট্যাংকারে হুথিদের হামলার দাবি, উপসাগরে জাহাজ চলাচল হ্রাস

৬ আগস্ট ২০২৬
সৌদি ট্যাংকারে হুথিদের হামলার দাবি, উপসাগরে জাহাজ চলাচল হ্রাস
সৌদি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার হুথি দাবির পর পারস্য উপসাগরীয় প্রণালিগুলোতে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে।

পারস্য উপসাগরের কৌশলগত দুটি জলপথ হরমুজ প্রণালি ও বাব আল-মানদেবে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শিপিং ডেটা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্যে দেখা গেছে, গত বুধবার (৫ আগস্ট, ২০২৬) থেকে এ রুটে পণ্যবাহী জাহাজের আনাগোনা আশঙ্কাজনকভাবে নেমে এসেছে।

তথ্যানুযায়ী, বুধবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র দুটি জাহাজ যাতায়াত করেছে—যার মধ্যে পানামার পতাকাবাহী একটি কয়লাবাহী জাহাজ জলপথে প্রবেশ করে এবং মার্শাল আইল্যান্ডসের একটি পণ্যবাহী জাহাজ বের হয়ে যায়। অথচ আগের দিনও এই জলপথ দিয়ে ৮টি জাহাজ চলাচল করেছিল। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ইরান জলপথটি বন্ধ করে দেওয়ার আগে প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৪০টি জাহাজ এখান দিয়ে যাতায়াত করত।

অন্যদিকে, বাব আল-মানদেব প্রণালিতে তার আগের দিন ২০টি জাহাজ চলাচল করলেও বুধবারে বাহামাসের পতাকাবাহী মাত্র একটি পণ্যবাহী জাহাজ পার হয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা বুধবার দাবি করেছে, তারা লোহিত সাগরের ইয়ানবু বন্দরের কাছে একটি সৌদি তেল ট্যাংকার এবং এডেন উপসাগরে আরেকটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তবে এই হামলার বিষয়ে সৌদি আরব কোনো সত্যতা নিশ্চিত করেনি। উল্লেখ্য, ইয়েমেনের ওপর সৌদি অবরোধের অভিযোগে গত মাস থেকে লোহিত সাগরে সৌদি আরবের ওপর নৌ-অবরোধ আরোপ করে রেখেছে হুথিরা, যদিও রিয়াদ এই অভিযোগ অস্বীকার করে আসছে।

পারস্য উপসাগরহুথিসৌদি আরবজাহাজ চলাচলআন্তর্জাতিক বাণিজ্য