আন্তর্জাতিক

সৌদিতে কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

১০ আগস্ট ২০২৬
সৌদিতে কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ
সৌদি আরবের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের প্রাণহানির পর তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সোমবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিহতদের পরিচয় বিস্তারিত জানায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারানো প্রবাসীদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। বাকি তিনজনের মধ্যে দুজন নাটোরের নলডাঙ্গা এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নওগাঁর আত্রাই উপজেলার নিহতরা হলেন—উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামানিক ও মো. কলিমউদ্দিন। গন্ডগোহালী গ্রামের গুফফার প্রামানিকের দুই ছেলে মো. মোহন ও মো. সুমনও এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। এছাড়া বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল ও মজিদুল, সাধননগর গ্রামের সাগর এবং মিনহাজ নামের আরেকজন রয়েছেন।

নিহত অপর তিন প্রবাসীর মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম ও খাজুরা গ্রামের সাব্বির রয়েছেন। বাকি জন রাজশাহীর বাগমারা উপজেলার ডাংগাপাড়ার মরুগ্রামের বাসিন্দা শ্যামল। তারা সবাই ওই সোফা কারখানায় কাজ করতেন এবং রোববার অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

এর আগে রোববার রাতে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আত্রাইয়ের ১০ জন এবং আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যুর তথ্য জানান। অগ্নিকাণ্ডে স্বজনদের হারিয়ে আত্রাই ও নলডাঙ্গা উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া, স্বজনহারা পরিবারগুলোতে চলছে আহাজারি।

সৌদি আরবঅগ্নিকাণ্ডপ্রবাসী শ্রমিকবাংলাদেশি নিহত