সৌদির সর্ববৃহৎ তেল শোধনাগারে ড্রোন হামলা, দায় নিল হুতিরা

সৌদি আরবের সবচেয়ে বড় অপরিশোধিত তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। গত সোমবারে সংঘটিত এই হামলায় স্থাপনাটির ক্ষতি হয়েছে বলে স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন। উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নালও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন চিত্রে দেখা যায়, সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত আবকাইক শোধনাগার কমপ্লেক্স থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠে আসছে। এর পাশাপাশি স্থাপনাটির বিভিন্ন অংশে পোড়া দাগ ও ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্টভাবে ভেসে উঠেছে।
ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি এই আক্রমণের দায় গ্রহণ করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক মাধ্যম এক্সে জানান, পূর্বাঞ্চলীয় এলাকা থেকে ইয়ানবু বন্দরে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহের একটি সংবেদনশীল কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালানো হয়েছে।