স্ত্রীসহ ভীমরুলির ভাসমান বাজারে মার্কিন রাষ্ট্রদূত, পেয়ারার স্বাদ নিলেন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ রোববার সকালে স্ত্রী ডিয়ান ডাও’কে নিয়ে ঝালকাঠির ভীমরুলিতে যান। সেখানকার ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারাবাজার ও আশেপাশের পেয়ারার বাগানগুলো নৌকায় করে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে স্থানীয় কৃষক ও বাগানমালিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত। তিনি পেয়ারা চাষ, উৎপাদন এবং বাজারজাতকরণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। ভীমরুলির প্রাকৃতিক সৌন্দর্য, বাজারের ব্যস্ততা এবং কৃষকদের পরিশ্রম তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি। পাশাপাশি উৎপাদিত পেয়ারার গুণগত মানও তিনি প্রশংসা করেন।
ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এই ভ্রমণের ছবি প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে উল্লেখ করা হয়, রাষ্ট্রদূত নৌকায় ঘুরে পেয়ারার স্বাদ নিয়ে চমৎকার সময় কাটিয়েছেন। তিনি এই অঞ্চলকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ হিসেবে বর্ণনা করেন।
এদিন সকালে নৌপথে লঞ্চে করে বরিশালে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। দূতাবাসের প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি লঞ্চের ডেকে বসে নদীপথের দৃশ্য উপভোগ করছেন। তিনি জানান, বরিশালের এই জলপথ ঘুরে দেখতে ভালো লাগছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এই ভাসমান বাজার পরিদর্শন করেছিলেন। তিনিও নৌকায় হাট ঘুরে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছিলেন। রাষ্ট্রদূতের এই ভ্রমণ স্থানীয় কৃষকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে বলে জানান বাগানমালিকরা।