রাজনীতি

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী বাছাইয়ে সতর্ক থাকুন: তারেক রহমান

৯ আগস্ট ২০২৬
স্থানীয় নির্বাচনে একক প্রার্থী বাছাইয়ে সতর্ক থাকুন: তারেক রহমান
চট্টগ্রামে নেতাকর্মীদের বৈঠকে স্থানীয় নির্বাচনে একক প্রার্থী বাছাইয়ে সতর্ক থাকতে এবং দলের ভাবমূর্তি রক্ষায় ঐক্যবদ্ধ হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সরকার নির্বাচনে দলের একক প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে সর্বাত্মকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার রাত ৯টার দিকে চট্টগ্রামের হোটেল র‍্যাডিসন ব্লু বে ভিউতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রামে নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এতে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণের বিএনপি ও অঙ্গসংগঠনের ৬০০ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেলায়েত হোসেন জানান, প্রধানমন্ত্রী নেতাকর্মীদের দখল-বেদখলে জড়িয়ে পড়তে নিষেধ করেছেন। তিনি বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কাজ থেকে দূরে থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে নানা ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। জনগণের সরকার হিসেবে জনগণের কল্যাণে কাজ করতে এবং হার্টের রিংসহ ৬০টি পণ্যের দাম কমানোর বিষয়টি প্রচার করতে নির্দেশ দেন তিনি।

এর আগে সকালে কক্সবাজারের মহেশখালীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে বাঁশখালীর বাহারছড়াতে ১০০টি অসচ্ছল পরিবারকে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় ১৫ জন প্রতিবন্ধী ও শিশুকে আর্থিক সহায়তা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বাঁশখালী থেকে ফটিকছড়িতে গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ও দোয়া গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপর হাটহাজারীতে হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বক্তব্য রাখেন তিনি। বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

তারেক রহমানবিএনপিস্থানীয় সরকার নির্বাচনচট্টগ্রামহেফাজতে ইসলাম