‘স্পাইডার-ম্যান’ ছবি লিক, ৫৯ লাখ মানুষ দেখেছেন

শনিবার থিয়েটারে মুক্তির অপেক্ষায় থাকা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবিটি ইতিমধ্যেই অনলাইনে লিক হয়ে গেছে। এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে ‘ফ্রেড্রিক ব্রায়ান’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি আপলোড করা হয়। ছবিটি সরিয়ে নেওয়ার আগে পর্যন্ত এটি ৫৯ লাখ মানুষের কাছে পৌঁছায়।
ছবিটি আপলোডের কয়েক ঘণ্টার মধ্যেই এটি ১ লাখ ৪৩ হাজার লাইক এবং ১০ হাজার রিটুইট পায়। বিকাল ৩টা ২৫ মিনিটে (প্যাসিফিক সময়) ছবিটি সরিয়ে নেওয়া হয়। যদিও অন্য বেশ কয়েকটি অ্যাকাউন্টও ছবির কপি শেয়ার করে, তবে সেগুলো দীর্ঘক্ষণ টিকে থাকেনি। সাধারণত স্টুডিওগুলো অনুমোদিত নয় এমন কপি শেয়ারকারীদের বিরুদ্ধে লঙ্ঘন নোটিশ পাঠায়।
‘স্পাইডার-ম্যান’ ছবি অনলাইনে লিক হওয়া প্রথম বড় বাজেটের ছবি নয়। গত সপ্তাহে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ ছবিটিও একইভাবে লিক হয়েছিল। ‘দ্য ওডিসি’ ছবিটি দুই ঘণ্টা ৩০ মিনিটে ২১ লাখ ভিউ পায় এবং পরে তা সরিয়ে নেওয়া হয়। ইউনিভার্সাল স্টুডিওস তখন জানান, তারা কপিরাইট লঙ্ঘন নিয়ে গুরুত্ব সহকারে ভাবছে এবং তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ রক্ষায় সব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তবে লিকের কারণে ছবির ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে মনে হচ্ছে। ‘ব্র্যান্ড নিউ ডে’ ইতিমধ্যেই বক্স অফিসে রেকর্ড গড়েছে। মঙ্গলবারের প্রিভিউ শো সহ ছবিটি ৭২ মিলিয়ন ডলার আয় করেছে, যা ইতিহাসে যেকোনো ছবির প্রিভিউ আয়ের সর্বোচ্চ রেকর্ড। এটি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ৬০ মিলিয়ন ডলার প্রিভিউ আয়কেও ছাড়িয়ে গেছে।
ছবিতে টম হল্যান্ড আবারও স্পাইডার-ম্যানের চরিত্রে দেখা যাবে। এমিজি চরিত্রে আছেন এমি বিজয়ী জেনডায়া। ছবির অন্যান্য অভিনেতাদের মধ্যে স্যাডি সিন্ক, জন বার্নথাল এবং জ্যাকব বাতালান রয়েছেন।