রাজনীতি

স্বামীর শেষকৃত্যে যোগ দিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত দীপু মনি

২০ আগস্ট ২০২৬
স্বামীর শেষকৃত্যে যোগ দিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত দীপু মনি
প্রয়াত স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে সাময়িক মুক্তি পেয়ে ঢাকায় এসেছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি।

প্রয়াত স্বামীকে শেষ শ্রদ্ধা জানাতে ১২ ঘণ্টার জন্য শর্তসাপেক্ষ সাময়িক মুক্তি (প্যারোল) পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী দীপু মনি। মেয়ের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তা পাহারায় তিনি বের হন। পরে তাঁকে প্রিজন ভ্যানে করে ঢাকার উদ্দেশে নিয়ে আসা হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় দীপু মনির মুক্তির আইনি নির্দেশনা পাওয়ার পর প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। বৃহস্পতিবার ভোরে সব প্রক্রিয়া শেষ করে সকাল ৬টা ১০ মিনিটের দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা ৩৮ জন পুলিশ সদস্য ও দুটি গাড়িসহ সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়ার নির্দেশনা রয়েছে।

এর আগে আইনজীবীর মাধ্যমে চার দিনের প্যারোল চাওয়া হলেও মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টার আবেদন মঞ্জুর করেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের হত্যা মামলায় কারাবন্দী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ দীর্ঘদিন কিডনি ও লিভারের রোগে ভুগে গত মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, কলাবাগানের বাসভবনে স্বামীর মরদেহ দেখবেন দীপু মনি। এরপর গুলশানের আজাদ মসজিদে বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

দীপু মনিপ্যারোলমুন্সিগঞ্জ কারাগাররাজনীতি