স্বাস্থ্য

স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

৮ আগস্ট ২০২৬
স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর
ড্যাবের সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, স্বাস্থ্যখাতে নতুন ১ লাখ কর্মী নিয়োগের পাশাপাশি চিকিৎসকদের বিভিন্ন দাবি পর্যায়ক্রমে বিবেচনা করা হবে।

শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাত অস্থিতিশীল করার চক্রান্তের বিষয়ে সতর্ক করে জানান, শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করতে সরকারের বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে যেকোনো পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। একই সঙ্গে চিকিৎসকদের উপস্থাপিত বিভিন্ন প্রস্তাব ইতিবাচকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে বিবেচনার আশ্বাস দেন তিনি।

চিকিৎসাসেবা সংসংক্রান্ত নীতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রোগের নিরাময়ের চেয়ে প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্যে নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্য বিষয়ে সতর্ক ও সচেতন করতে নতুন করে আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি চাকরিতে চিকিৎসকদের প্রবেশের বয়সসীমা ৩৪ বছর ও অবসরের বয়স ৬৫ বছরে উন্নীত করা, বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ এবং হাসপাতাল নির্মাণ ও সুরক্ষা আইন প্রণয়নসহ চিকিৎসকদের উত্থাপিত প্রস্তাবগুলো পর্যায়ক্রমে পর্যালোচনার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে এবং আগামী পাঁচ বছরে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি দ্রুততম সময়ে ই-হেলথ কার্ড চালু এবং প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বক্তব্যে তিনি অতিমাত্রায় রাজনৈতিক সম্পৃক্ততা এড়িয়ে পেশাগত দায়িত্ব পালনে চিকিৎসকদের আরও মানবিক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীস্বাস্থ্যখাতড্যাবচিকিৎসক